জাতীয়

মালয়েশিয়াগামী নৌকায় পানি : ৬৫ জন উদ্ধার, ১১ পাচারকারী আটক

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৬ , ১:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়া মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্রে এ ঘটনা ঘটে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট একটি ভাসমান কাঠের নৌকা দেখতে পায়। নৌকাটিতে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকাটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নৌকায় থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন।

পরে উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।

নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল বলে জানানো হয়। পরে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাঁদের সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।

নৌবাহিনী জানায়, নৌকাটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। নৌকায় থাকা ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের ও নৌকাটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

আরও খবর

Sponsered content