আইন-আদালত

মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ

সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত করেছে বার কাউন্সিল। মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১২ এপ্রিল দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন বার কাউন্সিলের গোচরীভূত হয়। উল্লিখিত সংবাদ মতে, আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, মো. মাসদার হোসেন ১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। তখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণ সংক্রান্ত মামলাটি তিনি ও তার সহকর্মী বিচারকেরা দায়ের করেছিলেন, যেটি ‘মাসদার হোসেন মামলা’ নামে পরিচিতি পায়।

অবসর গ্রহণের পর আইন পেশায় ফেরেন মাসদার হোসেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি।

আরও খবর

Sponsered content