সারাদেশ

রাজশাহীতে ব্ল্যাকমেইল, জোরপূর্বক বিয়ে ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  রাজশাহী জেলা প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১:৪১:৩১ প্রিন্ট সংস্করণ


রাজশাহীতে ব্ল্যাকমেইল করে বয়সে বড় এক নারীর সঙ্গে জোরপূর্বক বিয়ে, পরবর্তী সময়ে শারীরিক-মানসিক নির্যাতন এবং তালাক দেওয়ার জেরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন মো. মাহফুজ আহমেদ রিফাত নামে এক যুবক।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর ভুবনমোহন পার্কে সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রিফাত জানান, নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকার বাসিন্দা বাদশাহ জাদী রেমীর মেয়েকে প্রাইভেট পড়ানোর সূত্রে তার সঙ্গে পরিচয় হয়। ওই পরিচয়ের একপর্যায়ে রেমী গোপনে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করেন বলে অভিযোগ করেন তিনি।

রিফাতের দাবি, অনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। সামাজিক সম্মান রক্ষা ও হয়রানি এড়াতে তিনি নিজের চেয়ে বয়সে বড় ওই নারীকে বিয়ে করতে বাধ্য হন। এতে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন।

বিয়ের পর স্ত্রী তাকে বিভিন্নভাবে নির্যাতন করেন এবং অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান বলেও অভিযোগ করেন রিফাত। এতে বাধা দিলে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হতো। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তিনি আইনগতভাবে তালাক দেন।

তিনি আরও বলেন, তালাকের নোটিশ পাওয়ার পর প্রতিশোধ হিসেবে ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নতুন করে একটি মামলা করা হয়, যেখানে শ্লীলতাহানি বা ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। যদিও মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ১২ জানুয়ারি। এ মামলায় তিনি প্রায় ২২ দিন কারাভোগের পর গত ৬ এপ্রিল জামিনে মুক্তি পান।

রিফাত অভিযোগ করেন, জামিনে মুক্তির পরও অভিযুক্ত নারী ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content