সারাদেশ

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার উপলক্ষে র‍্যালি, আলোচনা ও সম্মাননা

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৩:০০:১৭ প্রিন্ট সংস্করণ

 

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”— এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস এবং অদম্য নারী পুরস্কার ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও এমপি প্রার্থী মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, সহকারী শিক্ষক মেহবুবা আক্তার স্নিগ্ধা, উপজেলা মহিলা দলের সদস্যসচিব আনার কলি সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য, কর্মক্ষেত্রে হয়রানি, ডিজিটাল নিরাপত্তা ও নারীশিক্ষার নানা দিক তুলে ধরে এসব সমস্যা সমাধানে আইনি পদক্ষেপের পাশাপাশি পরিবার ও সমাজ সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অদম্য ৫ জন নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নারীদের এগিয়ে যেতে উৎসাহিত করবে এবং সহিংসতা ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content