তানভীর সরদার স্টাফ রিপোর্টারঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৩:০১ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে এ হামলা চালানো হয়। ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রেসক্লাব মহেশপুর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এসময় অফিস কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ফেলা সহ আলমারি ও ড্রয়ার ভেঙে নগত টাকা একটি ল্যাপটপ, এবং প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। হামলার সময় কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না।
ঘটনার কিছু সময় পর স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খবর দেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকেরা সেখানে গিয়ে ভাঙচুরের চিত্র দেখতে পান। কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ সকল সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা বলেন, সাংবাদিকদের সংগঠনের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি শুধু একটি প্রতিষ্ঠানে হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। আইন শৃংখলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর মহেশপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।




















