সারাদেশ

শ্রীপুরে কুকুরের কামড়ে আহত ব্যক্তির মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ৭:৫৮:১২ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর কুকুরটির কামড়ে আমিরুলসহ ছয়জন আহত হন। আহত অন্য ব্যক্তিরা চিকিৎসা ও জলাতঙ্কের টিকা নিলেও আমিরুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আমিরুল ইসলাম উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের মৃত আলতাফ হোসেন শেখের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ২৩ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর আমিরুলের দিকে তেড়ে আসে। আত্মরক্ষার জন্য তিনি নিচু হয়ে পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তাঁর কপালে কামড় দেয়।

একই সময়ে কুকুরটি ওই এলাকার মান্নান কাজী (৮০), সিনথিয়া (৭), জোবায়ের (৯), হযরত (২২) ও খয়রা বেগম (৬০)সহ আরও কয়েকজনকে কামড় দেয়। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলেন।

আহত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং জলাতঙ্কের টিকা গ্রহণ করেন। তাঁদের টিকার নির্ধারিত ডোজও পর্যায়ক্রমে সম্পন্ন করেন বলে জানা গেছে।

গত ৪ অক্টোবর আমিরুল ইসলাম অসুস্থ বোধ করলে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ অক্টোবর সকালে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, জলাতঙ্কের ভাইরাস সক্রিয় হয়ে যাওয়ায় আমিরুলের মৃত্যু হয়েছে।

আমিরুলের মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি কুকুরের কামড় নিয়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বেওয়ারিশ কুকুরের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।

আরও খবর

Sponsered content