সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি দিলেন কৃষক দল নেতা

  নওগাঁ প্রতিনিধিঃ ৫ এপ্রিল ২০২৬ , ১:১২:০৪ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতার বিরুদ্ধে। গত শনিবার দুপুরে উপজেলা সদরের বকের মোড় এলাকায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ইউসুফ আলী সুমন দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি। তিনি অভিযোগ করেন, গত বছরের ২৯ নভেম্বর উপজেলার উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসার আয়া পদে সভাপতির স্ত্রীকে নিয়োগের জেরে ‘আট লাখ টাকার অবৈধ লেনদেন’ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে স্থানীয়দের প্রতিবাদের মুখে তৎকালীন নিয়োগ বোর্ড বাতিল করা হয়। সম্প্রতি ওই পদে অন্য একজনকে নিয়োগ দিলে ক্ষুব্ধ হন ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলা বিষু ও তার অনুসারীরা।
এরই জের ধরে শনিবার দুপুরে মহাদেবপুর মডেল প্রেসক্লাবে গিয়ে সাংবাদিক সুমনকে অকথ্য ভাষায় গালাগাল করেন গোলাম মাওলা বিষু। এক পর্যায়ে তাকে প্রকাশ্যে মেরে ফেলার ও ‘চিবিয়ে খেয়ে ফেলার’ হুমকি দেন তিনি। বিষু ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগটি না হওয়ায় তারা আট লাখ টাকা নিতে পারেননি এবং এর ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে সাংবাদিককে হুমকির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুককে বিষয়টি অবহিত করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলা বিষু মোবাইল ফোনে জানান, তিনি কাউকে কোনো হুমকি দেননি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সাংবাদিকেরা বিষয়টি তাকে জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা কৃষক দলের নেতারাও বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও খবর

Sponsered content