প্রতিনিধি ৫ জুলাই ২০২৬ , ১:৩২:৫০ প্রিন্ট সংস্করণ
মুরগির মাংস দিয়ে অনেক রকম পদ তৈরি করা যায়। এর মধ্যে মুরগির মাংস ভুনা অন্যতম। সবসময়ই তো মুরগির মাংস দিয়ে একই পদ্ধতিতে ভুনা করা হয়। তবে মুরগির মাংসের সাদা ভুনা খেয়েছেন কখনো? মুখরোচক এ খাবারটি পোলাও, খিচুরি, ভাত, রুটি ও পরোটার সঙ্গে বেশ মানিয়ে যায়। চটজলদি কিছু রান্না করতে হলে বিশেষ এ মুরগির মাংসের ভুনা করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন।
অনেকেরই বেশি মশলার খাবার হজম হতে অসুবিধা হয়। তাই লাঞ্চ বা ডিনারে প্রাধান্য দিতে পারেন এ হালকা মশলার মাংসকে। মুরগির মাংসের সাদা ভুনা কম মশলা আর ঝালযুক্ত হয়ে থাকে। তাই এই ধরনের রান্নায় আপনার শরীরের ক্ষতি কম হয়। পাশাপাশি হজমও হয় তাড়াতাড়ি।
আসুন জেনে নিই এ মাংস তৈরি করার সহজ রেসিপি-
প্রয়োজনীয় উপকরণ:
মুরগির মাংস ১ কেজি
আদা ২ ইঞ্চি ১ টুকরা
রসুন ১টা আস্ত
পেঁয়াজ ৫–৬টা
কাঁচা মরিচ ৪–৫টা
তরল দুধ ১ লিটার
ধনে গুঁড়া ১ চা-চামচ
জিরা গুঁড়া ১ চা-চামচ
লবণ পরিমাণমতো
আস্ত গরম মসলা (তেজপাতা, সাদা গোলমরিচ, এলাচি, দারুচিনি) প্রতিটা ৩–৪টি করে
লবণ স্বাদমতো
রান্নার তেল আধা কাপ
গরম মসলার গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি
মুরগির মাংস কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আস্ত পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা মরিচ একত্রে আধা বাটা করে নিন। এবার মাংসের সঙ্গে আধা বাটা উপকরণ, দুধ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আস্ত গরমমসলা দিয়ে মেরিনেট করুন ২ ঘণ্টা। চুলায় পাতিল বসিয়ে তেল দিন। তাতে মেখে রাখা মুরগি দিয়ে উচ্চ তাপে ৫ মিনিট রান্না করুন। এবার সিদ্ধ না হওয়া পর্যন্ত মধ্যম আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দিন। ৩০ মিনিট পর মাখা মাখা হলে গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন।
মুরগির মাংসের এই রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন আর উপভোগ করতে পারেন এর মজাদার স্বাদ।















