খুলনা ব্যুরো: ২৪ এপ্রিল ২০২৬ , ৮:১৯:৫৭ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ শিউলী আক্তার (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে আলীপুর বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা রোড মোড় থেকে ভোমরা সীমান্তগামী একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে নারী সৈনিকের সহায়তায় শিউলী আক্তারের দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম।
২৪ এপ্রিল সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটক শিউলী আক্তারকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




















