সারাদেশ

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসূচিতে হামলার অভিযোগ, দোষীদের বিচারের দাবি

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:২০:২৫ প্রিন্ট সংস্করণ

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ তুলে হামলার সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ–এর সিলেট জেলা শাখা।

এর আগে বুধবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। সংগঠনের দাবি অনুযায়ী, এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বুধবার চৌহাট্টায় তাদের ব্যানারে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। এতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট–এর শিক্ষার্থী, শিক্ষক এবং জেলায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে কোনো ধরনের উসকানি ছাড়াই প্রশাসন লাঠিচার্জ চালায় বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলায় সংগঠনের জেলা নেতৃবৃন্দসহ শিক্ষার্থী ও শিক্ষকরা আহত হন। গুরুতর আহত কয়েকজনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এটি তাদের ন্যায্য আন্দোলন দমনের একটি পরিকল্পিত অপচেষ্টা।

নেতারা অভিযোগ করেন, ৩ ফেব্রুয়ারির ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একই দিনে বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কমিটি ঘোষণার বিষয়টি সামনে আসায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, একটি বিশেষ মহল কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে অনলাইনে হুমকি ও উসকানির অভিযোগও তোলা হয়। সংগঠনের নেতারা বলেন, কথিত ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সেক্রেটারি সাকিবুল হক লিপু সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সহিংস হুমকি দিচ্ছেন এবং এইচএসসি শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন। এসব কর্মকাণ্ডকে তারা রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

এছাড়া সিলেটের ঘটনার আগের রাতে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংগঠনের দাবি, সারাদেশে পরিকল্পিতভাবে কারিগরি শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১) ৩ ফেব্রুয়ারি সিলেটের চৌহাট্টায় কার নির্দেশে ও কেন লাঠিচার্জ করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্ধারণ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
২) প্রকাশ্যে হত্যার হুমকি ও উসকানির অভিযোগে সাকিবুল হক লিপুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
৩) বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি পর্যালোচনার নামে গঠিত একপাক্ষিক কমিটি বাতিল।

সংগঠনের নেতারা জানান, দাবি আদায় না হলে তারা সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। একই সঙ্গে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ফয়জুর রহমান সিফাত, রাকিবুল ইসলাম, আবু জুবায়ের, তাহছিন আদনান জয়, ইফতেখার মাহমুদ, মতিউর রহমান, আল হাদী, আশিকুজ্জামান, সাব্বির সিয়াম, ইভান, অলি উল্লাহ, আল মাহমুদ, মো. আব্দুল গাফ্ফার ফাহিম, আব্দুল ওয়াহিদ, ফাহমিদুর রহমান রোহান, সজিবসহ অন্যান্যরা।

আরও খবর

Sponsered content