সারাদেশ

৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোনায় তৃতীয় দিনের বিক্ষোভ

  নেত্রকোনা প্রতিনিধি : ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪৫:৫৬ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দুই সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা ব্যানার-ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেত্রকোনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মোঃ সিরাজুল আলম, জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দার, সদস্য মোহাম্মদ আল-আমিন, নাসরিন আক্তার, মোঃ ইব্রাহিম ও আল-আমিন।

এছাড়া বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন, সার্ভেয়ার মোঃ রেজাউল করিম ভূইয়া এবং পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ মোঃ হাফিজুর রহমান খান পাঠান-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, বিচার বিভাগ, সদর ইউএনও অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, সমাজসেবা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

আরও খবর

Sponsered content