গাইবান্ধা জেলা প্রতিনিধি ২১ মে ২০২৫ , ৬:২২:০৮ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একসঙ্গে ছয়জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। আটককৃত সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত।
আটক হওয়া চেয়ারম্যানরা হলেন—ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু এবং উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, “আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ফুলছড়ি থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, “আটকের পরপরই তাদের গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের আদালতে সোপর্দ করা হবে।”
লালচান বিশ্বাস সুমন /এমআই





















