নওগাঁ প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ৮:১৭:৩১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলা সদরে বরেন্দ্র অফিসের পেছনে চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২১ জুলাই) ক্ষতিগ্রস্ত পক্ষ অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ইছাহাক আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, কোচড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে সার্জেন্ট ইছাহাক আলী ও তার পরিবারের সদস্যরা মান্দা উপজেলার বড়পই মৌজার ১৫১/৪৭৫ খতিয়ানের ৫ নম্বর দাগে প্রায় ২৮ বছর আগে যৌথভাবে জমি ক্রয় করেন। বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে ওই জমিতে প্রস্তুতি চলছিল।
তবে অভিযোগে বলা হয়, মৃত ফজলুর রহমান ওরফে ফজুর স্ত্রী মনোয়ারা বেওয়া ওই জমিতে যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটি জবরদস্তি দখল করে ইটের প্রাচীর নির্মাণ করেছেন। ফলে ইছাহাক আলী গং সম্পূর্ণভাবে চলাচলের পথ হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে জমিতে প্রবেশের কোনো বিকল্প রাস্তা না থাকায় বসতবাড়ি নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সার্জেন্ট ইছাহাক আলী স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে জমি ক্রয় করে বসবাস ও বাড়ি নির্মাণের পরিকল্পনা করছিলাম। এখন চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা বন্দী হয়ে পড়েছি। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
এ বিষয়ে সরেজমিনে গেলে অভিযুক্ত মনোয়ারা বেওয়ার পরিবারের কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ আশা করছেন যেন সাধারণ মানুষের চলাচলের অধিকার রক্ষিত হয়।





















