তথ্যপ্রযুক্তি

সাভারে সাংবাদিক নাজমুল হুদাকে মারধর, চাঁদা দাবি ও অপহরণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৩:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও ইনসেটে গ্রেপ্তারকৃত সাব্বির আহমেদ। ছবি: সংগৃহীত
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও ইনসেটে গ্রেপ্তারকৃত সাব্বির আহমেদ। ছবি: সংগৃহীত

সাভার প্রেসক্লাবের সভাপতি ও একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হুদাকে মারধর, চাঁদা দাবি এবং অপহরণের চেষ্টার অভিযোগে সাব্বির আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

এর আগে সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে মারধর, চাঁদা দাবি ও অপহরণের চেষ্টার অভিযোগে সাব্বিরসহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, অভিযুক্ত সাব্বির আহমেদ ফোন করে প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার ব্যক্তিগত সহকারী জাহিদ এবং নাজমুল হুদার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর হুমকি দেন। পরে ফেসবুকে তাদের ছবি ব্যবহার করে ‘দালাল’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়।

অপপ্রচার বন্ধ করতে বললে সাব্বির ও তার সহযোগীরা নাজমুল হুদাকে হত্যার হুমকি দেন এবং তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করেন।

নাজমুল হুদা জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তাঁর প্রাইভেটকার আটকে সাব্বিরসহ কয়েকজন পুনরায় ১১ লাখ টাকা দাবি করেন। অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় এবং সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তাঁকে অপহরণের চেষ্টা চালানো হলেও স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে।

আরও খবর

Sponsered content