শিক্ষা ও শিক্ষাঙ্গন

বদরগঞ্জে বসতবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৩:১৩ প্রিন্ট সংস্করণ


রংপুরের বদরগঞ্জে বসতবাড়ি ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী লোকমান হোসেন বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লোকমান হোসেন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক জমিতে বসবাস করে আসছেন। বুধবার সকালে একই এলাকার ফুল মিয়া, আসাদ মিয়া, মোসলিম মিয়া, মোশারফ হোসেনসহ প্রায় ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে তার নির্মিত ঘরবাড়ি ভাঙচুর করে।

এসময় বাধা দিতে গেলে লোকমান হোসেনের পরিবারের সদস্য ময়ূরী বেগম, মুসলেমা বেগম ও ভাতিজি সাথী আক্তার মারধরের শিকার হন। আরও অভিযোগ করা হয়, লোকমানের আরেক ভাতিজি তানভী খাতুনকে শ্লীলতাহানির শিকার হতে হয়। অভিযুক্তরা বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা, আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরও খবর

Sponsered content