ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২২ অক্টোবর ২০২৫ , ৭:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’র আঞ্চলিক অফিসের উদ্যোগে স্বাস্থ্য কর্মসূচির আওতায় চিকিৎসা সহায়তা, বীমা দাবি ও অবসর ভাতা প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সহায়তা বিতরণ করেন আশা রংপুর সদর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হারুনার রশিদ সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক প্রথম খবর’-এর সিনিয়র রিপোর্টার মো. আফতাব উদ্দিন তাজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আশা বদরগঞ্জ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মোস্তফা কামাল এবং বদরগঞ্জ-১, বদরগঞ্জ-২ ও শেখেরহাট শাখার ম্যানেজারবৃন্দ।
অনুষ্ঠানে মোট ১৫ জন সদস্যের মাঝে ১ লাখ ৭৭ হাজার ৫৯৫ টাকা প্রদান করা হয়। এর মধ্যে
চিকিৎসা সহায়তা পেয়েছেন ১০ জন, মোট ৪৮ হাজার টাকা,
অবসর ভাতা পেয়েছেন ২ জন, মোট ৩০ হাজার টাকা, এবং
বীমা দাবি পেয়েছেন ৩ জন, মোট ৯৯ হাজার ৫৯৫ টাকা।
প্রধান অতিথি মো. হারুনার রশিদ সেখ বলেন, “আশা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ঋণ প্রদান, আমানত গ্রহণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে ‘আশা’। যদিও এটি একটি বাণিজ্যিক ব্যাংক নয়, তবু ব্যাংকের মতোই আর্থিক কার্যক্রম পরিচালনা করে থাকে।”














