চাকরি

পার্বতীপুরে ৭ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় উৎপাদন শুরু

  রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৬ অক্টোবর ২০২৫ , ১০:২৭:৩৯ প্রিন্ট সংস্করণ


যান্ত্রিক ত্রুটির কারণে টানা সাতদিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উৎপাদন কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, “প্রথম ইউনিটটি মেরামতের পর দুপুর ১২টার দিকে বয়লার ফায়ারিং করা হয় এবং দুপুর ২টা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।”

তিনি আরও জানান, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই ইউনিটটি চালু রাখতে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে।

গত ১৯ অক্টোবর রাতে প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ১২৫ মেগাওয়াটের এই ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর সকালে তৃতীয় ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় পুরো ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

প্রধান প্রকৌশলী আরও জানান, “তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান আছে, আশা করা যায় আগামী দুই-এক দিনের মধ্যেই সেটিও উৎপাদনে ফিরবে।”

আরও খবর

Sponsered content