অপরাধ

বিল না দেওয়ায় বেসরকারি হাসপাতালে নবজাতক বিক্রি!

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৩:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের কারাচি রাজ্যের মেমন গোঠ এলাকায় বিল পরিশোধ করতে না পারায় মায়ের কাছ থেকে নবজাতককে কেড়ে নিয়ে বিক্রি করেছে এক বেসরকারি হাসপাতাল। রবিবার (২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ চাঞ্চল্যকর ঘটনা জানায়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিলের টাকা না পেয়ে নবজাতকটিকে বিক্রি করে দেয়। বিষয়টি প্রকাশ হলে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলার এসএসপি আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করা হয়েছে। মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু নিয়ে পালানো নারী শামা বেলুচকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ হাসপাতালের কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতককে বিক্রি করেছেন। শিশুটি ইতিমধ্যেই পাঞ্জাবে পাচার করা হয়েছিল।

এফআইআরের তথ্য অনুযায়ী, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, “আপনার যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন একজন মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন। তিনি আপনার খরচ বহন করে দেবেন।” এরপর শামা বেলুচ হাসপাতালের বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত আছে।

আরও খবর

Sponsered content