সারাদেশ

ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ১২ নভেম্বর ২০২৫ , ১০:০৭:১০ প্রিন্ট সংস্করণ


যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর গ্রামের মালোপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ন্যাসী বিশ্বাসের ছেলে সুজন কুমারের বাড়িতে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হননি। প্রতিবেশী সুজয় কুমার জানান, সন্ধ্যার সময় বাড়ির এক শিশু গ্যাস লাইট নিয়ে খেলা করছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘরের ভেতরে দুটি মোটরসাইকেল থাকায় পেট্রোল থেকে আগুন মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সুজন কুমার বলেন, “আমার ভাই মিঠুন প্রবাসে (রাশিয়া) যাওয়ার জন্য তাকে নিয়ে বিমানবন্দরে যাচ্ছিলাম। পথে খবর পাই বাড়িতে আগুন লেগেছে। ঘরে থাকা লোকজন কোনোমতে বেরিয়ে এলেও সব আসবাবপত্র পুড়ে গেছে।”

তিনি জানান, আগুনে দুটি পালসার মোটরসাইকেল, আসবাবপত্র, পোশাকসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসে কেউ খবর দেয়নি বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content