নওগাঁ প্রতিনিধিঃ ২০ নভেম্বর ২০২৫ , ৬:০৯:৫১ প্রিন্ট সংস্করণ
নওগাঁ-বগুড়া সীমান্তবর্তী আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শারমিন বানু (২৫) নামের এক গৃহবধূকে লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজস্ব নিরাপত্তার কথা ভেবে স্বামী রুবেল সাহানা (৩৫), শ্বশুর ওবাইদুল সাহানা (৫৫) ও শাশুড়ি ফুলেরা বেগম (৪৮)-এর বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে শারমিনের সঙ্গে বিয়ে হয় রুবেলের। বিয়ের সময় ১ লাখ ২০ হাজার টাকা যৌতুক ও একটি গরু দেন শারমিনের বাবা। পরে রুবেলের বিদেশযাত্রার জন্য আরও দেড় লাখ টাকা দেওয়া হয়। তাদের দুই কন্যা সন্তান—রুকু মুনির (৮) ও সিদরাতুল মুনতাহা (দেড় বছর)।
অভিযোগে উল্লেখ করা হয়, যৌতুকের দাবিতে বিয়ের পর থেকেই শারমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন রুবেল। এমনকি একাধিকবার জোরপূর্বক গর্ভপাত করানোর কথাও উল্লেখ করেন তিনি। রুবেলের আগের বিবাহ, পরকীয়াসহ নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহও ক্রমেই বাড়তে থাকে।
গত ১৩ নভেম্বর পারিবারিক বিরোধের এক পর্যায়ে শারমিনকে লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি বাবার বাড়িতে গিয়ে চিকিৎসা নেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
অভিযুক্তের মা ফুলেরা বেগম বলেন, “ছেলের একাধিক বিয়ে সত্যি। তবে ছেলে মাদক সেবন করে কি না জানি না। তুচ্ছ ঘটনায় গালিগালাজ হওয়ায় ছেলেটা মারধর করেছে। ছোট নাতিন আছে, আমরাও একটা সমাধান চাই।”
চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বলেন, “ভুক্তভোগী আমার কাছে এসেছিল। তাকে আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।”
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





















