সারাদেশ

গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিককে হত্যার চেষ্টা, তিনজনের বিরুদ্ধে মামলা

  মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫ , ৪:২১:৩৯ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় সাংবাদিক হারিছুর রহমান শিপলুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক শিপলু বাসন থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নামীয় আসামিরা হলেন—
১. মোঃ জাহাঙ্গীর আলম (৫৫), পিতা: সৈয়দ আলী শেখ
২. মোঃ আরিয়ান হোসেন (২৫), পিতা: মোঃ জাহাঙ্গীর আলম
৩. মোঃ শাকিব ইসলাম (৩০), পিতা: মোঃ জাহাঙ্গীর আলম

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজের বাড়ির দক্ষিণ পাশে বৈধ গ্যাস লাইনের সংযোগের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়ার কাজ করাচ্ছিলেন সাংবাদিক শিপলু। এসময় কোনো পূর্ব-উত্তেজনা ছাড়াই আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়, মারধর করে এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

প্রতিবাদ করতে গেলে সাংবাদিক শিপলুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরে তাকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, প্রধান আসামি জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে শিপলুর মাথায় আঘাত করে হত্যার চেষ্টা চালান। এরপর আরিয়ান তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং শাকিব শিপলুর পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়।

শিপলুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, সাংবাদিক হারিছুর রহমান শিপলু দৈনিক সংবাদ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থা (গাজীপুর জেলা কমিটি)-র সহ-সভাপতি।

এ বিষয়ে বাসন থানার ওসি মোঃ শাহিন খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content