সারাদেশ

‘আওয়ামী স্টাইলে নির্বাচন আর হতে দেওয়া হবে না’ — বগুড়ায় কর্মী সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান

  বগুড়া প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২৫ , ১২:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার।” তিনি আরও বলেন, এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনের মাধ্যমে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর তিনটি দল দেশ শাসন করেছে—একটি দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেকটি নয় বছর ভোট ছাড়াই ক্ষমতায় থেকেছে এবং তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয় সংঘর্ষ, চাঁদাবাজি ও দুঃশাসনে দেশের পরিস্থিতি নাজুক হয়ে গেছে এবং নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষেই একটি দলের দুই শতাধিক কর্মী নিহত হয়েছে। “যাদের হাতে নিজেদের লোকই নিরাপদ নয়, তাদের হাতে দেশ কখনো নিরাপদে থাকতে পারে না,” মন্তব্য করেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, “এটি ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়—এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।”

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীরা সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।

সম্মেলনের প্রধান আলোচক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেন, “আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান বাড়াতে কাজ করবো, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করবো এবং চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তুলবো।”

উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও খবর

Sponsered content