সারাদেশ

রংপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন

  মো: সাকিব চৌধুরী, রংপুর ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবস ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়েছে।

দিনটি শুরু হয় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রেস ক্লাব, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

সূর্যোদয়ের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক এনামুল আহসান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

রংপুর শহর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান লাল-সবুজ পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত হয়। শেষদিকে রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেখানে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের প্রতিনিধি অংশ নেন।

জেলা প্রশাসক এনামুল আহসান ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content