সারাদেশ

গোবিন্দগঞ্জে শীতের আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারী রমেকে মারা গেছেন

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ ৯ জানুয়ারি ২০২৬ , ৮:০৯:১৯ প্রিন্ট সংস্করণ


শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তার মৃত্যু হয়।

নিহত নারীর নাম হাজেরা বেগম (৩৬)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুগাড়ি ইউনিয়নের আব্দুর রহিমের স্ত্রী। হাজেরা বেগম জন্মগতভাবে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

দগ্ধ হাজেরা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

নিহতের স্বজন মেহের নেগার জানান, হাজেরা তার মেয়ের ননদ। জন্ম থেকেই তিনি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। প্রচণ্ড শীতের কারণে গত ৪ জানুয়ারি সকালে বাড়ির উঠানে বড়ই গাছের নিচে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন তিনি। এ সময় তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে কোমর ও বুকের গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে পুড়ে যায়।

রমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা বলেন, শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা দুই থেকে তিন গুণ বেড়ে যায়। এতে চিকিৎসাসেবা দিতে কিছুটা চাপ তৈরি হলেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি শীত নিবারণে খোলা আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন, গরম কাপড় পরিধান এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আরও খবর

Sponsered content