অপরাধ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, আটক ২

  হৃদয় রায়হান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৬:০৩:১৯ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুইজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৪৯/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা বাজার এলাকায় টহল দল অভিযান চালিয়ে মো. আসাদুজ্জামান সোহেল (৪৩) ও মো. আশিকুল (২৫) নামে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসাদুজ্জামান সোহেল ডাংমড়কা বাজার এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে এবং মো. আশিকুল গরুড়া ছমাদীপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

অপরদিকে একই দিন রাত ১০টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৬/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ ও ১ হাজার ৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৪৬/৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও একটি বাইসাইকেল উদ্ধার করে।

বিজিবি সূত্র আরও জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৪ লাখ ২ হাজার ২০০ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়নের সিজার স্টোরে এবং চোরাচালানী পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণসহ মাদক পাচার ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content