মেহেরপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১১:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের গাংনী থানাধীন দিগলকান্দি গুচ্ছ গ্রামের চিনিরদোপ মাঠে শত্রুতামূলকভাবে ভুট্টা ক্ষেত কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার ও মঙ্গলবার পরপর দুই রাতে প্রায় এক বিঘা জমির বাড়ন্ত ভুট্টা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দিগলকান্দি গুচ্ছ গ্রামের কৃষক শরিফুল ইসলাম প্রায় ৪০ হাজার টাকায় দুই বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। চলতি মৌসুমে ওই জমিতে তিনি ভুট্টার আবাদ করেন। বর্তমানে ভুট্টা গাছগুলো বাড়ন্ত অবস্থায় মাঠে দাঁড়িয়ে ছিল এবং এক থেকে দেড় মাসের মধ্যে ফল আসার কথা ছিল।
এরই মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা শত্রুতামূলকভাবে পরপর দুই রাতে বিক্ষিপ্তভাবে ভুট্টা গাছ কেটে বিনষ্ট করে। দরিদ্র পরিবারের তিল তিল করে গড়া ফসলের এমন ক্ষতিতে কৃষকের পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ।
ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী রিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে, খেয়ে না খেয়ে পরিশ্রমের টাকা দিয়ে এই ফসল আবাদ করেছি। কিন্তু শত্রুতাবশত কে বা কারা আমাদের সর্বনাশ করেছে। আমি এর বিচার চাই।”
ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম বলেন, “এ পর্যন্ত জমিতে আমার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কয়েক মাসের মধ্যে ফসল তুলতে পারলে প্রায় ১ লাখ টাকার বেচাকেনা হতো। এখন সবই ধ্বংস হয়ে গেছে।”
এ ঘটনায় তিনি গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।




















