সাতক্ষীরা জেলা প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:১০:১৫ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির সরঞ্জাম ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশের একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে প্রথমে হোসেনপুর গ্রাম থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রাম থেকে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকে নিজ বাসা থেকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক দ্রব্য এবং হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জ এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামে দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে বড় অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের সহযোগী বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




















