আবুল কাশেম রুমন, সিলেট অফিস ২৯ জানুয়ারি ২০২৬ , ৮:২৮:০২ প্রিন্ট সংস্করণ
সিলেট–৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন জমিয়তের নেতাকর্মীরা। ভোটারদের কাছে পৌঁছাতে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রচারণা জোরদার করা হচ্ছে।
এক পথসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে গোলাপগঞ্জ–বিয়ানীবাজার–এর মানুষ আবারও প্রমাণ করবেন—এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি।
তিনি বলেন, বর্তমানে ঘরে ঘরে সোনালি ধানের ঢেউ বইছে। মানুষ তারেক রহমান–কে সমর্থন করে ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ জানুয়ারি) গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী আরও বলেন, গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে, যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল পায়। এই দুই উপজেলাকে ঘিরে থাকা সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে নদীতীরকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে উঠবে এবং গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে অভূতপূর্ব উন্নয়ন হবে।
এমরান চৌধুরীর সমর্থনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক, রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময়।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর কেন্দ্রীয় সহ-সভাপতি **মকবুল হোসেন কাশেমী**সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।





















