আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের অনুমতিতে স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ২:৩২:০৬ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নয় মাস পর প্রথমবারের মতো তার বোন ও স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তারা সাবেক এ প্রধানমন্ত্রীরসাথে সাক্ষাৎ করেন।

কারাগারে থাকা এই নেতার স্বাস্থ্য নিয়ে পরিবারের উদ্বেগের জেরে দেশটির সুপ্রিম কোর্ট প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলে তারা দেখা করার সুযোগ পান।

কারাগার সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বোন নূরিন নিয়াজি এ বছর প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করেন। প্রায় ১৫ মিনিটের এই সাক্ষাৎ কারাগারের একটি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

নূরিন তার ভাইকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশনার কথাও জানান।

তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছিল, এই সাক্ষাৎকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে ইমরানের জন্য দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে এদিন সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবিও মঙ্গলবার আদিয়ালা কারাগারের কনফারেন্স কক্ষে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে কারাগার সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইমরান ও বুশরা বিবির মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সাক্ষাৎ হয়।

বুশরা বিবি নিজেও আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তিনি এদিন তার আগের বিয়ের সূত্রে দুই সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে প্রায় ৪০ মিনিট দেখা করেন।

ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট সরকারকে তাকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে রেখে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

 

আরও খবর

Sponsered content