অপরাধ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

  নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:২৫:০৫ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর ইসলামের নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—
মো. নজরুল ইসলাম (পিতা: রাব্বানী মিয়া, ঠিকানা: আউলিয়া বাজার) কে ১ লাখ টাকা, মো. খোকন মিয়া (পিতা: গিয়াস উদ্দিন, ঠিকানা: বহরা) কে ১ লাখ টাকা এবং জয়নাল মিয়া (পিতা: মঙ্গল মিয়া, ঠিকানা: কালিকাপুর) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনটি পৃথক মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে বড়জ্বালা বিজিবির একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রশাসনকে সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর ইসলাম বলেন, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content