সারাদেশ

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা: ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৪২:৩৫ প্রিন্ট সংস্করণ

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আনন্দঘন হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বেলাল হোসেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ও কলেজের গভর্নিং বডির সভাপতি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে খেলার মাঠ থেকেই।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সবসময় এই শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পাশে থাকবে।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঠাকুরগাঁও মো. খোদাদাদ হোসেন, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও শেখ ইমরান হোসেন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঠাকুরগাঁও জুয়েল রানা সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানজুড়ে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণ এবং অভিভাবকদের উচ্ছ্বাস লক্ষ করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content