ভুবন কুমার শীল, কুড়িগ্রাম | ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ নির্বাচন কমিশনের সংস্কার, বাংলাদেশ আমজনগণ পার্টি-র নিবন্ধন প্রদানসহ পাঁচ দফা সংস্কার দাবিতে কুড়িগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের সামনে দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সকল আইনগত শর্ত পূরণ এবং গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যা সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন, সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, যে নির্বাচন ব্যবস্থায় দিনের ভোট রাতে হয়ে যায় এবং একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারে—সে ধরনের বিকৃত ব্যবস্থা জনগণ আর চায় না। বাংলাদেশ নির্বাচন কমিশন-কে অবিলম্বে দল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দল নিবন্ধনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, সকল দলের সঙ্গে বৈষম্যহীন আচরণ, নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিতকরণ, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন, দল নিবন্ধন ও অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুসহ পাঁচ দফা সংস্কার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।




















