মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২৫:১৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি তার তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই দিন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরদিন, ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, “গত শনিবার (৭ ফেব্রুয়ারি) আইইডিসিআর থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। লিখিতভাবে জানানো হলে রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”
তিনি আরও জানান, পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারীর সাম্প্রতিক সময়ে কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।




















