খেলাধুলা

ভারতের বিপক্ষে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান: ফারহান

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২২:৫৫ প্রিন্ট সংস্করণ

ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামবে পাকিস্তান-এমনটাই জানিয়েছেন দলের ওপেনার সাহিবজাদা ফারহান। সোমবার গভীর রাতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারহান বলেন, ‘এশিয়া কাপসহ ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছি, একই মানসিকতা নিয়েই মাঠে নামব। ইতিবাচক থাকতে চাই এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ফারহান। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘গতকাল অনুশীলনে বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। আমি আগেই আমাদের ব্যাটিং কোচ (হানিফ মালিক)কে বলেছিলাম, আজকের ম্যাচ নিয়ে আমার ভালো অনুভূতি আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম। এমনকি বলেছিলাম, ম্যাচটা এমনভাবে শেষ করব যাতে ম্যাচসেরার পুরস্কার পাই। এই বিশ্বকাপে অন্তত দুই থেকে তিনটি ম্যাচসেরা হওয়ার ব্যক্তিগত লক্ষ্য ঠিক করেছি।’

পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানান, তাদের দল রান তাড়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও বড় সংগ্রহ গড়ে তা রক্ষা করতেও প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা রান তাড়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তবে আগে ব্যাট করে গড়ের চেয়ে বেশি রান তুলতে চেষ্টা করি, এরপর তা রক্ষা করার পরিকল্পনা থাকে। আমাদের ব্যাটিং অর্ডার নমনীয়—শুরুর তিনজন প্রস্তুত থাকে, ফিনিশাররা আগেও নামতে পারে, আবার দ্রুত উইকেট পড়লে এমন ব্যাটার আছে যারা ম্যাচ গভীর পর্যন্ত নিতে পারে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেক বেশি আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে পাকিস্তান।

সালমান বলেন, ‘এটি ছিল নিখুঁত পারফরম্যান্স। ব্যাট হাতে ভালো শুরু করেছি এবং মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছি। বোলিংয়ে আমাদের বিশ্বমানের আক্রমণ আছে। ১৯০ রান করলে আমরা জানতাম, এটি রক্ষা করা সম্ভব।’

তবে উন্নতির জায়গা এখনও রয়েছে বলে স্বীকার করেন তিনি। ‘উন্নতির সবসময় সুযোগ থাকে। পাওয়ারপ্লেতে আরও ভালো বোলিং করতে চাই, আরও নিখুঁত হতে চাই—এই জায়গাগুলোতেই উন্নতি করতে হবে।’

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে সুপার এইটে ওঠার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। দলটির অধিনায়ক মনাক প্যাটেল বলেন, মাঝের ওভারগুলোতে বেশি রান দেওয়াই তাদের জন্য ক্ষতিকর হয়েছে।

তিনি বলেন, ‘পাওয়ারপ্লেতে ভালো বোলিং করেছি, কিন্তু মাঝের ওভারগুলোতে অনেক রান দিয়ে ফেলেছি। ডেথ ওভারে ফিরে এসেছি, পেসাররা ভালো করেছে।’

এখনও দুটি ম্যাচ বাকি থাকায় শেষটা ভালোভাবে করতে চান প্যাটেল, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। এখানে আসার সময় আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু ছোট ছোট ভুলের খেসারত দিতে হয়েছে। বিশ্বকাপটা দুটি জয় দিয়ে শেষ করতে চাই।’

আরও খবর

Sponsered content