প্রতিনিধি ৭ মার্চ ২০২৬ , ১২:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিরাবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে বিরাবাড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত বাজারে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।
তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লালচানের কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহজাহানের দোকান ও বাবুলের দোকান।
অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল, দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর আমাদেরকে জানায় রাতে। আমরা রওনা দিলে পরে আবার আমাদেরকে আগুন নিভে গেছে বলে মুঠোফোনে জানায়। তাই আমরা মাঝপথ থেকে ফিরে যাই।’




















