এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩০ মার্চ ২০২৬ , ১২:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা এলাকার বুকভরা বাওড় সংলগ্ন একটি পিকনিক কর্নারে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা, বিনোদনমূলক নানা আয়োজন ও খাবারের ব্যবস্থা, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত আনন্দ। সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”
ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।”
অনুষ্ঠানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং কর্মব্যস্ত জীবনে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়। তারা ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানান।
অতিথিরা বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক।
দিনব্যাপী আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।




















