ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৫ এপ্রিল ২০২৬ , ৯:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সূত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় কুমার সূত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সূত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাঘাবাড়ি নৌবন্দর এলাকার তেল ডিপোতে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে একটি ট্যাংকলরি আসছিল। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ওই পথে চলছিল। যানজটের কারণে বড়াল ব্রিজের উত্তর পাশে সিএনজিটি থামলে পেছন থেকে আসা ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়।
এতে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার সূত্রধর ও রিপন ব্যাপারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সূত্রধর মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি ও ট্যাংকলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সূত্রধর নামে একজন নিহত হয়েছেন।




















