সারাদেশ

সিলেট পলিটেকনিকে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব

  নাহিম মিয়া,নিজস্ব প্রতিবেদক (সিলেট) ১৪ এপ্রিল ২০২৬ , ১০:৪০:৪০ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 
পুণ্যভূমি সিলেটের সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাণবন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচনা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেকানিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর মোহাম্মদ সালাউদ্দিন ও কম্পিউটার টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর শান্তনু রায়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।

অনুষ্ঠানে রম্য বিতর্ক, নাটক, পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন ছিল।

স্বাগত বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং চিফ ইন্সট্রাক্টর (পাওয়ার টেকনোলজি) মো. অমল কৃষ্ণ চক্রবর্তী।

এ সময় ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম শিফটের বিভাগীয় প্রধান সরজ কুমার হালদার, দ্বিতীয় শিফটের বিভাগীয় প্রধান আশিকুর রহমান, ইনস্ট্রাক্টর মো. শরাফত হোসেনসহ বিভিন্ন টেকনোলজির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন আশা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, মুঘল সম্রাট আকবরের সময় ফসলি সনের ভিত্তিতে বাংলা বর্ষপঞ্জির সূচনা হয়, যা আজ বাঙালির অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে।

আরও খবর

Sponsered content