মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর ১৯ এপ্রিল ২০২৬ , ১:৪৪:১০ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় নিজ বাসার নির্মাণকাজ তদারকি করছিলেন সাংবাদিক বাচ্চু। এ সময় স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। অভিযোগ অনুযায়ী, দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ হামলা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত। দ্রুত জড়িতদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, পরিকল্পিত এই হামলার বিচার না হলে আন্দোলন জোরদার করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারেনি এবং এখনো প্রধান আসামিরা গ্রেপ্তার হয়নি।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা তিন দফা দাবি জানান—দ্রুত আসামিদের গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
কর্মসূচিতে ঢাকা প্রেসক্লাব ও টঙ্গী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।




















