সারাদেশ

কাশিয়ানীতে ঠাকুর পরিবারকে ঘিরে রাজনৈতিক বিতর্ক : মনোনয়ন ঘিরে শুরু তুমুল আলোচনা, নানা প্রশ্ন স্থানীয়দের

  শেখ শোভন আহমেদ ২১ এপ্রিল ২০২৬ , ৩:৩৯:২৭ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাতুয়া সম্প্রদায় ও ঠাকুর পরিবারকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি শ্রিধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ির সদস্য ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা সিকদারের বিএনপির সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পাওয়া নিয়ে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিস্ময়, ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা এটিকে বিএনপির রাজনৈতিক দুর্বলতার প্রমাণ হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানীর বিভিন্ন ইউনিয়নে বসবাসরত মাতুয়া সম্প্রদায় ঐতিহাসিকভাবে সামাজিক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংগঠিত হলেও সাম্প্রতিক সময়ে তাদের রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে। ওড়াকান্দি ঠাকুর পরিবারকে এই সম্প্রদায়ের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যেখান থেকে অনেক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা আসে বলে স্থানীয়দের ধারণা।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে এই সম্প্রদায়ের যোগাযোগ বাড়তে দেখা যায়। ফলে ভোটের হিসেবে তারা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান, যা সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি করে।

তবে মাতুয়া সম্প্রদায়ের নেতাদের একটি অংশ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতী নন; বরং নিজেদের সামাজিক উন্নয়ন, শিক্ষা ও নিরাপত্তার স্বার্থে সরকারের সঙ্গে কাজ করে থাকেন।

একজন প্রতিনিধি বলেন, “আমাদের লক্ষ্য সমাজের উন্নয়ন। যে সরকার আমাদের কথা শুনবে, আমরা তাদের সঙ্গে কাজ করব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু মাতুয়া সম্প্রদায় নয়—দেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীই নিজেদের স্বার্থে ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে। তবে কাশিয়ানীর ক্ষেত্রে এই বিষয়টি বেশি আলোচনায় এসেছে, কারণ এখানে এ সম্প্রদায়ের ভোট প্রভাব উল্লেখযোগ্য।

বিশ্লেষকদের অভিমত, এ ধরনের বিতর্ক কমাতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তা না হলে ক্ষমতার পালাবদলের সঙ্গে অবস্থান পরিবর্তনের অভিযোগ ভবিষ্যতেও আলোচনায় থাকবে।

আরও খবর

Sponsered content