সারাদেশ

ফেনীতে মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা

  জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৯:১৫:৫৬ প্রিন্ট সংস্করণ

ফেনীতে চলতি মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শুরু হওয়া হঠাৎ বৃষ্টিতে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়।

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। চলমান এসএসসি পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থীকে হাঁটুসমান পানি ভেঙে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।

শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, জেল রোড, পশ্চিম উকিল পাড়া, মিজান রোড, নাজির রোড, একাডেমি এলাকা, সদর হাসপাতাল মোড়, পাঠান বাড়ি, শাহীন একাডেমি, রামপুর, ফেনী বড় বাজার ও পেট্রোবাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এদিকে জলাবদ্ধতার কারণে শ্রমজীবী মানুষের কাজকর্মও ব্যাহত হচ্ছে। অনেকেই ঘর থেকে বের হতে না পারায় তাদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরও খবর

Sponsered content