সারাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

  সাতক্ষীরা প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৬ , ৯:২৬:১৬ প্রিন্ট সংস্করণ

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কলারোয়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আসাদুজ্জামান আসাদ পৌর সদরের তুলসীডাঙ্গা এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘বাংলার দূত’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি। বর্তমানে তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে জেলা ও উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয় আখলাকুর রহমান শেলী ও তার ছেলে অঙ্কুরের বিরুদ্ধে চাঁদাবাজির তথ্য পেয়ে তিনি সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে তাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আখলাকুর রহমান শেলীর নেতৃত্বে অঙ্কুর, সাবেক যুবদল নেতা সিরাজুল ওরফে ট্রলি সিরাজ, আলতাফ হোসেন ও আবির হোসেন তাকে মারধর করেন।

তিনি বলেন, “তারা এলোপাতাড়ি মারতে থাকে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম শাহিন বলেন, “ঘটনার কথা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে জানতে আখলাকুর রহমান শেলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও খবর

Sponsered content