জাতীয়

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫১০ জনের মৃত্যু

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১:৪৪:০৪ প্রিন্ট সংস্করণ

এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১০ জন। এক মাসে ঘটেছে ৫২৭টি সড়ক দুর্ঘটনা। এতে আহত হয়েছেন ১ হাজার ২৬৮ জন। রেলপথে ৫৪টি দুর্ঘটনায় নিহত ৪৯ জন ও নৌপথে পাঁচ দুর্ঘটনায় মারা গেছেন চারজন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৫৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৬৩ জন ও আহত ১ হাজার ২৭৯ জন।

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছেন। এই মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, নৌ পথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত হয়েছেন। এ সময় ১২৭৯ জন আহত হয়েছেন। একই সময়ে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত, ১২৪ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৬.৩৭ শতাংশ, নিহতের ২৭.৮৪ শতাংশ ও আহতের ৯.৭৭ শতাংশ।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি। দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে। প্রকৃত হতাহতের ঘটনা আরও বাড়তে পারে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতি আপাদমস্তক সংস্কার জরুরি। আমলাতন্ত্রের পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা গেলে পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন, প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো সক্ষম হবে। তাই নতুন সরকার পুরোনো পরিবহন পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান তিনি।’

আরও খবর

Sponsered content