প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ২:০৮:৪১ প্রিন্ট সংস্করণ
আসছে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে স্কুলের সময় কমানোর পরিকল্পনা থেকে সরে এসেছে মেক্সিকো সরকার। ব্যাপক জনসমালোচনার পর এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা সচিব মারিও দেলগাদো আগে ঘোষণা দিয়েছিলেন যে গরমের পরিস্থিতি এবং বিশ্বকাপের প্রস্তুতির কারণে স্কুল এ বছর প্রায় ৪০ দিন আগে শেষ করা হবে। তবে এই ঘোষণার পরই অভিভাবক, গবেষণা প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সমালোচনার পর সোমবার একটি বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা অভিভাবকদের মতামত সংগ্রহ করেন। এই বৈঠক ডেকেছিলেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, যিনি আগেই প্রস্তাবিত পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই স্কুল বছর চলবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জুলাই স্কুল শেষ হবে এবং ৩১ আগস্ট থেকে আবার ক্লাস শুরু হবে।
শেইনবাউম বলেন, ‘উদ্দেশ্য হলো ছুটির সময় ছয় সপ্তাহ রাখা, যেমনটি আগে থেকেই আছে। কিছু শিক্ষার্থী হয়তো আগে শুরু করবে, আবার কেউ পুরোনো সময়সূচি অনুযায়ী চলবে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি সমঝোতার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত হওয়া উচিত। এখন আমাদের সবাইকে শুনতে হবে।’
এর আগে শুক্রবার শিক্ষা সচিব আকস্মিকভাবে ঘোষণা দিয়েছিলেন যে স্কুল ৫ জুন শেষ হবে। তিনি দাবি করেন, তাপপ্রবাহের পরিস্থিতিও এই সিদ্ধান্তের একটি কারণ ছিল।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করে দুটি অঙ্গরাজ্য শুরুতেই তা প্রত্যাখ্যান করে। অভিভাবকরাও এই সিদ্ধান্তের সমালোচনা করেন। গবেষণা প্রতিষ্ঠান মেক্সিকো ইভালুয়া জানিয়েছিল, এই পরিবর্তনের ফলে প্রায় ২ কোটি ৩৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাগ্রহণের সময় কমে যাবে এবং শেখার ক্ষতি হবে।
২০২৬ বিশ্বকাপের আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে। আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির মাঠে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
প্রেসিডেন্ট শেইনবাউম আরও জানিয়েছেন, বিশ্বকাপের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং আগেই শুরু হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প—বিশেষ করে আজতেকা স্টেডিয়াম ও মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ—সম্পন্ন করা হবে।














