কৃষি বার্তা

মহাদেবপুরে বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ৯:১৬:৪৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মহাদেবপুর এলএসডি (স্থানীয় সরবরাহ ডিপো) প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উপদেষ্টা মো. ফজলে হুদা বাবুল।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং কমিটির সদস্য সচিব মো. আশরাফুল আরেফিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, খাদ্য পরিদর্শক জাহেদুর রহমান এবং মিলার প্রতিনিধি বিদ্রোহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মচারী, চাতাল মালিক ও কৃষক প্রতিনিধিরা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯৮টি চুক্তিবদ্ধ মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ১৬৬টি অটো ও হাসকিং মিল এবং ২২টি আতপ মিল রয়েছে।

এবার সরকারিভাবে ৪৯ টাকা কেজি দরে ২৩ হাজার ১৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৬৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষকদের কাছ থেকে সরাসরি ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৯৮৯ মেট্রিক টন বোরো ধান এবং একই দরে ৬৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল বলেন, “কৃষকের কষ্টের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বোরো সংগ্রহ অভিযানে প্রকৃত কৃষক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।”

তিনি গুদামে ধান-চাল সরবরাহের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরও খবর

Sponsered content