মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ১২:০৬:১২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটিংগা বিল দীর্ঘদিন ধরে দখলমুক্ত না হওয়ায় পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের অবৈধ দখল ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে বিলটির স্বাভাবিক অস্তিত্ব দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কাটিংগা বিল ছিল দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের নিরাপদ আবাসস্থল। আশপাশের এলাকার মানুষ মাছ ধরতে এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এখানে সময় কাটাতেন। পাশাপাশি পাশের সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রজাতির পাখিও খাদ্যের সন্ধানে এ বিলে আসত। তবে বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে বিলটির পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কাটিংগা বিল রক্ষা কমিটির আহ্বায়ক ও সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন,
“এই বিল আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। কিন্তু দখলদারদের কারণে এটি ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
‘পাখি প্রেমিক সোসাইটি’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন,
“শ্রীমঙ্গলের বাইক্কা বিলের আদলে পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে কাটিংগা বিল পরিবেশ ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন,
“জলাভূমি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাটিংগা বিলের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
জানা গেছে, প্রায় ১০ থেকে ১৫ একর আয়তনের কাটিংগা বিলটি আন্দিউড়া মৌজার ৫৩৯৮ ও ৫৪১১ দাগে অবস্থিত। বিভিন্ন ছড়া ও জলধারার সঙ্গে সংযুক্ত এই বিলের পানি শেষ পর্যন্ত তিতাস নদীতে গিয়ে মিশেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত বিলটি দখলমুক্ত করে সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ না করলে একসময় ঐতিহ্যবাহী কাটিংগা বিল পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।




















