আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১০ জুন ২০২৬ , ৪:২১:৫৪ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানার এএসআই তারেকের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় থানা চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবককে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল ইসলাম জানান, তিনি ফুলশ্রী গ্রামের মাহফুজ খানের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ খান (২৬)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলশ্রী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৮) এবং একই গ্রামের রহিম খানের ছেলে মো. মাহফুজ খান (২৬)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আগৈলঝাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সচেতন মহলের প্রত্যাশা, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার হবে।








