শিক্ষা ও শিক্ষাঙ্গন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এআইভিত্তিক মার্কেটিং ও রূপান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ৮:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

বর্তমান বিশ্ববাজারের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও এর প্রভাব নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘AI-Based Marketing and Transformation in Marketing’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর বিপণন কৌশল এবং এআইয়ের বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক সুলেমান বারুতচু। তিনি তাঁর মূল প্রবন্ধে বিশ্বব্যাপী ব্যবসা ও বিপণন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব তুলে ধরেন।

অধ্যাপক সুলেমান বারুতচু বলেন, “আধুনিক মার্কেটিং এখন আর শুধুমাত্র সৃজনশীলতার ওপর নির্ভরশীল নয়। এটি তথ্য-উপাত্তের বিশ্লেষণভিত্তিক একটি কৌশলগত প্রক্রিয়ায় পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিশ্লেষণকে আরও দ্রুত, কার্যকর ও নির্ভুল করে তুলছে।”

সেমিনারে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের আধুনিক বিপণন কৌশল এবং এআই প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া।”

সেমিনারে মার্কেটিং বিভাগের শিক্ষক, গবেষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এআই প্রযুক্তির মাধ্যমে ভোক্তার আচরণ বিশ্লেষণ, ব্যক্তিকেন্দ্রিক (পার্সোনালাইজড) কনটেন্ট তৈরি, বাজার গবেষণা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

বিভাগীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিল্পখাতের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করতে মার্কেটিং বিভাগ নিয়মিতভাবে এ ধরনের সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে।

আরও খবর

Sponsered content