কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৬ জুন ২০২৬ , ৬:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলিখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা বহন ও সংরক্ষণের অভিযোগে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




















