আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৭ জুন ২০২৬ , ৬:১২:৫৮ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের ইসিসিআর (ECCR) প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন স্কুল ও কলেজের ১৮৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলার আস্কর ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
“প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া” প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড কনসার্ন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং ঝরে পড়া রোধে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের এফইসিএস (FECS) প্রজেক্টের ম্যানেজার রাজকুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল গাঠিয়া, ইসিসিআর (ECCR) প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার, আস্কর ব্যাপ্টিস্ট চার্চের পালক আশীষ হালদার এবং চার্চ সম্পাদক রতন সরকার।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন এফডিসিএস (FDCS) প্রজেক্টের ভলান্টিয়ার জন সরকার।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি সংস্থার ভবিষ্যৎ সমাজসেবামূলক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষার প্রসার, শিশু অধিকার সংরক্ষণ, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও বেগবান করতে কমিটির সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।




















